স্মৃতি, সম্পর্ক আর স্বপ্নে গড়া তিন দশকের নৃবিজ্ঞান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ তাদের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজন করেছিল এক আবেগঘন পুনর্মিলনী, যা শুধু উৎসব নয়, ছিল স্মৃতি ও স্বপ্নের মিলনমেলা। ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬-এ অনুষ্ঠিত এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ক্যাম্পাসকে করে তোলে উচ্ছ্বসিত।
১৯৯৫ সালে যাত্রা শুরু করা বিভাগটি আজ দেশের অন্যতম শক্তিশালী একাডেমিক পরিবারে পরিণত হয়েছে। প্রথম দিনের র্যালি, কেক কাটা ও আন্তর্জাতিক সিম্পোজিয়াম বিভাগটির জ্ঞানচর্চার ধারাকে নতুনভাবে তুলে ধরে। বিশেষ করে American Anthropological Association-এর সাবেক সভাপতি অধ্যাপক ড. জেমস ম্যাকডোনাল্ডের উপস্থিতি আয়োজনকে আন্তর্জাতিক মাত্রা দেয়।
দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে উঠে আসে গবেষণার গুরুত্ব ও তরুণদের ভূমিকা। সাংস্কৃতিক পরিবেশনা, গালা ডিনার ও ব্যাচভিত্তিক পুনর্মিলন স্মৃতিকে আরও গভীর করে তোলে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সব মিলিয়ে এই আয়োজন প্রমাণ করেছে—নৃবিজ্ঞান বিভাগ কেবল শিক্ষা নয়, এটি এক আজীবন সম্পর্কের বন্ধন।